চেক ডিজঅনার মামলায় চৌগাছার সাবেক মেয়রের কারাদণ্ড

Published August 11, 2025 by admin

যশোরের একটি আদালতে চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য মো. নুর উদ্দীন আল মামুন হিমেলের চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড হয়েছে।

সেইসঙ্গে চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন যশোরের অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত।

ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।

এ বিষয়ে জানতে চাইলে ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তফা রহমান বলেন, ‘চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করেছিল ব্যাংক। সম্প্রতি সেই মামলার রায় হয়েছে। রায়ে হিমেলের এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।’

তিনি আরও বলেন, ‘তবে রায় প্রকাশ হওয়ার আগে মি. হিমেলের পক্ষ থেকে ব্যাংকে আবেদন করে অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দিন আল মামুন হিমেলের ফোন নম্বরে কয়েকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।