ধূমপান ও তামাকবিরোধী আইনের ব্যবহার শিথিল হচ্ছে

Published May 1, 2026 by admin

নিজস্ব প্রতিবেদক

ধূমপান ও তামাকবিরোধী আইনের ব্যবহার ক্রমশঃ শিথিল হয়ে আসছে বলে মনে করেন সমাজের বিশিষ্টজন। তারা এ আইনের কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানোর জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছন।

শ্রমিক দিবস উপলক্ষে ১লা মে, শুক্রবার ‘আমরা ধূমপান নিবারণ করি’-‘আধুনিক’-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত তামাকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  তারা এ আহ্বান জানান।  আগামী ৩১ মে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’কে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচীর আয়োজন অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আধূনিক-এর সভাপতি প্রথিতজশা হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হাসিনা বানু বলেন, ধূমপান এবং তামাকবিরোধী আইনের কার্যকারিতা ক্রমশঃ শিথিল হয়ে আসছে। একারনে আগে ধূমপান ও তামাকজাত দ্রব্যের কারনে যেখানে গড়ে প্রতিবছর ১লাখ মানুষের মৃত্যু হতো, গত ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দুই লাখ পর্যন্ত পৌছেছে।

তিনি ধূমপানবিরোধী প্রচলিত আইনসমূহের যথাযথ প্রয়োগ ও তার বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিশিষ্ট আইনজীবী ও গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত জানান, তিনি গত ২০০১ সালে আধূনিক-এর প্রতিষ্ঠাতা প্রয়াত জাতীয় অধ্যাপক নূরুল ইসলামের পক্ষে একটি রিট করার পর উচ্চ-আদালতের নির্দেশে সংবাদপত্র ও প্রচার মাধ্যমে সিগারেটসহ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপণ বন্ধ করা হয়। তারই ধারাবাহিকতায় ২০০৩ সালে ধূমপানবিরোধী আইন করা হয়।

একজন আইনজীবী এবং নগর অধিকার কর্মী হিসেবে ধূমপান ও তামাকবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে তিনি যেকোনো ধরণের আইনী সহায়তা দিতে অঙ্গীকার করেন।

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশেষ করে সংসদ সদস্যরা আন্তরিক হলে ধূমপানবিরোধী এই আন্দোলন আরো সহজতর হয়ে যাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নীনা ইসলাম, আধূনিক-এর নির্বাহী সচিব মোহাম্মদ আব্দুল জব্বার, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবীর, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ হারুন আর রশিদ, ডাঃ কানিজ মওলা, অধ্যাপক ডাঃ হারুন আর রশিদ, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ হারুন উর রশিদ প্রমূখ আলোচনায় অংশ নেন।

বক্তারা জানান, দেশের জনগণের একটি বৃহৎ অংশ শ্রমজীবী, এবং তাদের মধ্যে তামাক ব্যবহারের হার তুলনামূলকভাবে বেশি। তাই মূলত শ্রমজীবী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই শ্রমিক দিবসে ‘আধুনিক’ এ আলোচনা সভার আয়োজন করা হয়।

“আকর্ষণের মুখোশ উন্মোচন: নিকোটিন ও তামাক আসক্তির মোকাবিলা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজতি অনুষ্ঠানটি কোরা তেলাওয়াত এবং সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে সূচনা হয়। আলোচনার পাশাপাশি কবিতা আবৃতি ও সংগীত পরিবেশন করা হয়।

/এসএম/