নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার করতে ঢাবির নোটিশ

Published November 5, 2025 by admin

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) পদে থাকা এবং না থাকা ৪০৩ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার করতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য-সচিব সাইফুদ্দীন আহমদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্যায়ে গঠিত তথ্যানুসন্ধান কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়। পরবর্তীকালে গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর ঘটনাটির অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির দ্বিতীয় সভায় অতিরিক্ত আরও শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, যার ফলে মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়ায় ৪০৩ জন।

নোটিশে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থীদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে— বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এসব শিক্ষার্থীদের মধ্যে প্রায় সবার পরিচয় তুলে ধরেছে ঢাবি প্রশাসন। হাতে গোনা কয়েকজনের পদ পরিচয় উল্লেখ করেনি। ৪০৩ জনের এই তালিকা গণমাধ্যমে পাঠিয়েছে।

/এসএ/