পেশাদারিত্ব ঠিক রেখে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা সেনাপ্রধানের

Published February 4, 2026 by admin

মাইনুল হোসেন পিন্নু: পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করার নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শরীয়তপুর জেলা সার্কিট হাউসে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের শরিয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন তারা। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন সেনাপ্রধান। এছাড়াও, পরিদর্শনকালে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

শরীয়তপুর জেলা পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া এবং সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ২০২৬