ফতুল্লা থানার সাবেক ওসি হাছান আলীর ২ বছরের কারাদণ্ড

Published July 20, 2025 by admin

১১ বছর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার স্ত্রী মোছা. কামরুন্নাহার রুবিকে খালাস দেওয়া হয়েছে।

রবিবার (২০ জুলাই) ঢাকার বিশেষ জজ ৫ মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় দেন। দণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এ মামলায় গ্রেফতার হয়ে আসামির ইতোপূর্বে জেলহাজতে আটক থাকাকালীন সময় সাজার মেয়াদ হতে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

২০১৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মো. হেলালউদ্দিন শরীফ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, ১৯৯৭ থেকে ২০১২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত ওসি মো. হাসান আলী মোট ১৩ লাখ ৯১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হলে তিনি এই পরিমাণ সম্পদের তথ্য গোপন করেন। তার বিরুদ্ধে ২০০৪ সালে দুদক আইন ২৭–এর ১ ধারায় মামলা করা হয়েছে।

/এসএ/২০/৭/২৫