বিশ্বকাপ থেকে বাংলাদেশ ‘আউট’, স্কটল্যান্ড ‘ইন’

Published January 24, 2026 by admin

আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বলে দাবি করেছে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ ও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

ভারতে খেলতে না যেতে বাংলাদেশের আপত্তির পর কয়েক দিন আগে বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি অবস্থান পরিবর্তন না করলে শনিবার (২৪ জানুয়ারি) সকালেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন আইসিসি।

ক্রিকবাজ জানায়, আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের কিছু দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিসিবি আইসিসির সিদ্ধান্ত মেনে না চলায় বাংলাদেশকে বাদ দিয়ে অন্য একটি দেশকে আমন্ত্রণ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী স্কটল্যান্ডকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
চিঠির অনুলিপি বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে পাঠানো হয়েছে। একইসঙ্গে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকেও আইসিসি আনুষ্ঠানিক আমন্ত্রণ দিয়েছে। তবে প্রতিবেদন লেখার সময় ক্রিকেট স্কটল্যান্ডের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং বর্তমান র‍্যাঙ্কিং (টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৪তম) বিবেচনায়। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে খেলবে। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে তারা কলকাতায় ম্যাচ খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের সঙ্গে মুখোমুখি হবে।

আইসিসি সূত্রে জানা গেছে, বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হয়েছিল এবং বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল। তবে প্রথমবারের মতো নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখতে হলো।