মাদকাসক্তিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ শন উইলিয়ামসের!

Published November 5, 2025 by admin

মাদকাসক্তি জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক শন উইলিয়ামসের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছে। মাদকাসক্তি থেকে মুক্তি পেতে তিনি স্বেচ্ছায় এখন পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এমন তথ্যই জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

সংস্থাটি জানায়, ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার জাতীয় দলের নির্বাচনের জন্য নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আর বোর্ডও ভবিষ্যতে তাকে আর বিবেচনা করবে না।

দুই দশকের ক্যারিয়ারে উইলিয়ামস দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজারের কাছাকাছি রান ও ১৫০টির বেশি উইকেট নিয়েছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে হারারেতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা কোয়ালিফায়ারের আগে হঠাৎ দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। পরে জিম্বাবুয়ে ক্রিকেটের অভ্যন্তরীণ তদন্তে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সমস্যায় ভুগছেন এবং নিজে থেকেই পুনর্বাসনে যাচ্ছেন।

জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, ‘সতর্ক বিবেচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, শন উইলিয়ামসকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না।’

তবে উইলিয়ামস নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা প্রত্যাশা করি, সকল চুক্তিবদ্ধ খেলোয়াড় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও টিম প্রটোকল এবং অ্যান্টি-ডোপিং বিধিনিষেধ মেনে চলবেন। উইলিয়ামসের একাধিক শৃঙ্খলাভঙ্গ ও অকারণে দলের বাইরে থাকার নজির রয়েছে, যা দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।’

সেখানে আরও বলা হয়, ‘যদিও তিনি পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন, তবে সম্ভাব্য ডোপ টেস্টের সময় দলে না থাকায় পেশাদারিত্ব ও নৈতিক মানদণ্ড নিয়ে উদ্বেগ তৈরি করেছে।’

বোর্ডের ভাষায়, ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হলে তার সঙ্গে নতুন করে চুক্তি করা সম্ভব নয়।

এমএ/৫ নভেম্বর/২০২৫