মুজিবকে মুছতে হলে বাংলাদেশকেও মুছতে হবে

Published March 8, 2026 by admin

।। ড. মঞ্জুরে খোদা টরিক।।

ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছতে হলে বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশকেও মুছতে হবে। সেটা কি সম্ভব? ব্রেখটের ‘দেয়াল লিখন’ নিয়ে মুহাম্মদ গোলাম সারওয়ার এর একটি চমৎকার জবাব দিয়েছেন।

জার্মান নাট্যকার বেরটোল্ট ব্রেখট এর একটা নাটক আছে, বাংলা অনুবাদে এর শিরোনাম ছিলো “দেয়ালের লিখন”। এক কয়েদখানায় বেশ কজন বিপ্লবী কয়েদি মিলে জেলখানার দেয়ালে লিখেছিলো “বিপ্লব দীর্ঘজীবী হোক”। সেই লেখা দেখে তো জেল সুপারের মাথায় আগুন চড়ে গেলো। তিনি রেগে মেগে প্রহরীদের আদেশ দিলেন লেখাটি যেনও এক্ষনই মুছে ফেলা হয়। আদেশ তামিল করতে কয়েকজন প্রহরী মিলে দেয়ালের সাদা রঙ দিয়ে সেই শ্লোগানটি মুছে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই গভীর লাল রঙের লেখাটি সাদা রঙ দিয়ে ঢেকে দেওয়া গেলো না। খানিকটা অস্পষ্ট ভাবে তবুও দেখা যাচ্ছিলো “বিপ্লব দীর্ঘজীবী হোক”।

জেল সুপার এবার আরও ক্ষেপে গিয়ে বললেন, পুরো দেয়াল নয়, শুধু ওই লেখার ওপরে আরও বেশি করে রঙ করে দাও। প্রহরীরা বেছে বেছে সেই অক্ষরগুলোকেই রঙ করে দিলো, ফলে আরও উজ্জ্বল হয়ে ফুটে উঠলো “বিপ্লব দীর্ঘজীবী হোক”। কিন্তু এই অবস্থা আবার জেলার সাহেবকে দেখানো যাবে না ভেবে প্রহরীরা রীতিমতো খোদাই করে লেখাটি তুলে ফেলার চেষ্টা করলো দেয়াল থেকে, কিন্তু আদতে আরও স্থায়ী খোদাই হয়ে লেখাটি রয়ে গেলো সেই দেয়ালে, “বিপ্লব দীর্ঘজীবী হোক”।

শেষমেশ জেল সুপার চিৎকার করে আদেশ দিলেন – তাহলে ওই দেয়ালটাই ভেঙ্গে ফেলো। প্রহরীরা দেয়ালটি ভাঙার আয়োজন শুরু করলো।

প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম প্রতিষ্ঠান গড়ে  তুলুন। এবং আমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকুন। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইন্শাআল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। : 

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

শেখ মুজিবের নাম বাংলাদেশের প্রতিটি জেলায়, থানায়, উপজেলায়, ইউনিয়নে। গ্রামে, শহরে, বাজারে – গঞ্জে, পাহাড়ে, নদীতে ছড়িয়ে রয়েছে। এক অর্থে বাংলাদেশের প্রতিটি দেয়ালে শেখ মুজিবের নাম লেখা রয়েছে, তা সে রাষ্ট্রের উদ্যোগেই হোক কিংবা স্বতঃস্ফূর্ত জনগণের দ্বারাই হোক, শেখ মুজিব আছেন সারা বাংলাদেশে। তাই শেখ মুজিবের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলতে হলে বাংলাদেশকে ভেঙে ফেলতে হবে। জামায়াতে ইসলামী  আর তার গুণ্ডা বাহিনী ইসলামী ছাত্র শিবিরের কি সেই ক্ষমতা আছে? জামাঢাত-শিবিরের সেই ক্ষমতা নেই। শেখ মুজিবের নাম তাই যতবার চেষ্টা করা হবে মুছে ফেলার, ততবারই আরও উজ্জ্বল হয়ে ফিরে আসবে শেখ মুজিবের নাম। বাংলাদেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা ছাড়া শেখ মুজিবের নাম মুছে ফেলার কোনও উপায় নেই।

শেখ মুজিব বার বার ফিরে আসবেন, বাঙ্গালীর হৃদয়েতো বটেই, এমন কি শেখ মুজিব জামাত শিবির সহ জুলাই যোদ্ধাদের কাঁধে ভুতের মতো করে চেপে বসবেন, বাংলায় যাকে আমরা বলি “তাড়িয়ে নিয়ে বেড়ানো”, শেখ মুজিব জামাত শিবিরসহ কথিত জুলাই যোদ্ধাদেরকে দুঃস্বপ্ন তাড়িত উম্মাদের মতো তাড়িয়ে নিয়ে বেড়াবেন।

ভবিষ্যতে আবারও শেখ মুজিবের নাম লেখার জন্যে সিটি করপোরেশনের ক্রেইন ভাড়া করবে, আই কনফার্ম দ্যট। লিখে রাখুন আমার এই ভবিষ্যৎবানী।”

ড. মঞ্জুরে খোদা টরিক
রাজনৈতিক বিশ্লষক