স্পিকার হলেন হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল
জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে তিনি স্পিকার নির্বাচিত হন।
স্পিকার হিসেবে মেজর (অব) হাফিজ উদ্দিনের নাম প্রস্তাব করেন সরকার দলীয় সংসদ সদস্য চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রস্তাবের পক্ষে সমর্থন করে বিএনপির সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। কণ্ঠভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।
ডেপুটি স্পিকার হিসেবে নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নাম প্রস্তাব করেন এবং লক্ষীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন মিজান তা সমর্থন করেন। কণ্ঠভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ব্যারিস্টার কায়সার কামাল এখন সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অধিবেশন শুরু হয়।
১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র চালুর পর এবারই প্রথম নতুন সংসদের অধিবেশন স্পিকার ছাড়া শুরু হলো। অধিবেশনের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সভাপতি নির্বাচন করা হয় ড. খন্দকার মোশাররফ হোসেনকে।
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সাতবারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার সাহসিকতার জন্য তিনি ‘বীর বিক্রম’ উপাধি লাভ করেন। এক সময়কার তারকা ফুটবলার হাফিজ উদ্দিন বিএনপি সরকারের পানিসম্পদ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।