পেশাদারিত্ব বজায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার তাগিদ বিমান বাহিনী প্রধানের

মাইনুল হোসেন পিন্নু: নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি অনুসরণ এবং প্রয়োগে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত সি-১৩০ হ্যাঙ্গারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে  মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে এ তাগিদ দেন তিনি।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বিমান বাহিনীর সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন তিনি।

এছাড়াও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণ এবং প্রয়োগের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। সফলতার সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বিভিন্ন পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সকল সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কর্তব্য পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিমানবাহিনী প্রধান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বাংলাদেশ বিমান বাহিনীর ৩৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবে এবং মাঠ পর্যায়ে ১২৫০ জন সদস্য আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে ২১ জেলার ৩৫টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও, নির্বাচন কার্যক্রমে সরাসরি সহায়তার লক্ষ্যে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ এবং বিমান বাহিনী সদর দপ্তর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

Leave a Reply