৪৩৩ কোটি আত্মসাৎ: পিকে হালদারসহ ৩৫ জনের নামে ১২ মামলা
বারোটি প্রতিষ্ঠানের নামে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার নয় টাকা ঋণ নিয়ে আত্নসাৎ করায় প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) মোট ৩৫ জনের নামে ১২টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৪ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. থেকে ২০১৪-১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠানের নামে ঋণ পাস করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্নসাৎ করায় দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১ কর্তৃক মামলা নং ২০-৩১, (১২টি) দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা এর উপ-পরিচালক মো. মশিউর রহমান ১ ও ২ নং এবং উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন ৩-১২ নং (১০টি) মামলা বাদী হয়ে দায়ের করেন।
বেশ কিছু প্রতিষ্ঠানের নামে ঋণ সৃজন করে প্রতিটি ঋণ হিসাবের ১-২টি কিস্তি পরিশোধ করে এবং কোনো কোনো ঋণের বিপরীতে কোনো কিস্তিই পরিশোধ করা হয়নি। তারপরও দেখা যায় যে, ওইসব ঋণ কোন ধরনের আপত্তি ছাড়াই বোর্ড সভায় রিসিডিইল করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম বিদ্যমান না থাকার পরও ভুয়া কাগজপত্র তৈরি করে এসব প্রতিষ্ঠানের নামে ঋণ প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের রেকর্ডপত্র যাচাই করে দেখা যায় যে, প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের জন্য যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সে সমস্ত জায়গায় বর্তমানে এসব ব্যবসা প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই।
এছাড়াও দেখা যায় যে, যেসব প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ প্রদান করা হয়েছে সেসব প্রতিষ্ঠান একবারে নতুন তাদের ব্যবসার কোনো কার্যক্রম বিদ্যমান ছিল না।
তাই দণ্ডবিধি-১৮৬০ এর ৪০৬/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় এ মামলাগুলো করা হয়।

