টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রেকর্ড স্কোর ভারতের

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস হেরেও শুরুতে ব্যাট করে রানের পাহাড় গড়েছে ভারত। ৫ উইকেটে সংগ্রহ করেছে ২৫৫ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটাই সর্বোচ্চ স্কোর। আহমেদাবাদের মাঠেও সর্বোচ্চ স্কোর এটি। সার্বিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য তৃতীয় সর্বোচ্চ।

টস জিতেও ভারতের ব্যাটারদের আটকাতে পারেনি নিউজিল্যান্ডের বোলিং। উল্টো তাদের ওপর চড়াও হওয়া টপের তিন ব্যাটার সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশানের ফিফটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে। শুরুর জুটিতে পাওয়ার প্লেতে তাণ্ডব চালান অভিষেক। ১৮ বলে তুলে নেন ফিফটি। তাতে ৬ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৯২ রান। অষ্টম ওভারে অভিষেককে ৫২ রানে থামান রাচিন রবীন্দ্র। তার ২১ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। তাতে ভাঙে ৯৮ রানের ওপেনিং জুটি। তখন অবশ্য স্যামসন এতটা আগ্রাসী ছিলেন না। পরে যেভাবে বেধড়ক পেটাচ্ছিলেন। তাতে তিনশ রানও সম্ভাব্য মনে হতে থাকে। সঙ্গে ইশানও পেটাচ্ছিলেন। কিন্তু ১৬তম ওভারে জেমস নিশামের আঘাতে একে একে সাজঘরে ফেরেন স্যামসন (৮৯), ইশান কিষান (৫৪) ও সূর্যকুমার যাদব (০)। স্যামসনের ৪৬ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি ছয়। ইশানের ২৫ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। এই ছন্দপতন প্রভাব ফেলে ভারতের ওপর। ১৮.২ ওভারে পান্ডিয়াও (০) হেনরির বলে ফিরলে চাপ আরও বাড়ে স্বাগতিকদের ওপর।

তার পরেও দলের স্কোর আড়াইশ পার হতে বড় ভূমিকা রাখে শেষ দিকে শিবম দুবের বিধ্বংসী ব্যাটিং। ৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

৪৬ রানে ৩ উইকেট নেন নিশাম। একটি করে নিয়েছেন ম্যাট হেনরি, রাচিন রবীন্দ্র।

Leave a Reply